ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাড্ডায় মন্দির থেকে গুলি চুরি: ওসি প্রত্যাহার, ৭ পুলিশ বরখাস্ত

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ সদস্যদের কক্ষ থেকে ৩০ রাউন্ড শর্টগানের গুলি ও মালামাল চুরির ঘটনায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে একজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ জানান, কর্তব্যে অবহেলার অভিযোগে এসআই মোবাশ্বির, একজন এএসআই ও পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় বাড্ডা থানার ওসিকেও প্রত্যাহার করা হয়েছে।


গুলশান বিভাগ পুলিশ ও ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সদের থাকার জন্য মন্দিরের বাউন্ডারির মধ্যে থাকা একটি নির্মাণাধীন ভবনের দোতলায় রুমের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যবর্তী যেকোনো সময় ঘুমিয়ে থাকা চারজন ফোর্স ও তিনজন আনসার সদস্যের পাশ থেকে তাদের ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ৩০ রাউন্ড শর্টগানের গুলি ছিল।


পরবর্তী সময়ে সকাল পৌনে ১০টায় পুলিশ মণ্ডপ সংলগ্ন একটি পতিত জমির পাশ থেকে ব্যাগগুলো উদ্ধার করে। চুরি হওয়া গুলিগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑